উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রীর কাফেলাটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে রাত ৮টার দিকে একটি সাদা গাড়িতে করে গুলশানের ফিরোজায় তার বাসা থেকে বের হন খালেদা জিয়া। তবে নেতাকর্মীদের ভিড়ের কারণে বাসা থেকে বের হতে কিছুটা বেগ পেতে হয়েছে তাকে। বিদায় জানাতে বিকেল থেকেই খালেদা জিয়ার বাসভবনে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা।
দলটি জানায়, খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ লন্ডন যাবেন। দীর্ঘ আট ঘণ্টার যাত্রায় তিনি দোহায় থামবেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রাকে ঘিরে বিকেল থেকেই গুলশানে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। এরপর সন্ধ্যায় খালেদা জিয়ার বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানসহ বিমানবন্দরে যাওয়ার পথে সড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন।
খালেদা জিয়া সর্বশেষ চোখ ও পায়ের চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে যান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাবন্দি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
তাকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে রাখা হয়। কারাগারে থাকা অবস্থায় নানা রোগে আক্রান্ত হন বিএনপি নেতা। বারবার হাসপাতালে যেতে হয়।
২ বছর ১ মাস ১৩ দিনের কারাভোগের পর প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পরিবারের অনুরোধে তাকে শর্তসাপেক্ষে ৬ মাসের সাময়িক মুক্তি দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে না দেওয়া পর্যন্ত বেগম জিয়ার মুক্তির সময়কাল ধীরে ধীরে ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়।
এতদিন বেগম জিয়ার জীবন কেটেছে বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়িতে। দীর্ঘদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে। মৃত্যুর দ্বারপ্রান্তে থাকা এই বিএনপি নেতাকে বিদেশ থেকে চিকিৎসা করানো হয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারিখ পরিবর্তন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন বিএনপি নেত্রী। আইসিইউ সুবিধা ছাড়াও, এই এয়ার অ্যাম্বুলেন্সগুলিতে সমস্ত ধরণের তাত্ক্ষণিক জীবন রক্ষার সুবিধা রয়েছে।
লন্ডনে যাওয়ার আগে বেগম খালেদা জিয়া দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।